জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শেষ। হাতে অনেকটা অবসরের পাশাপাশি রয়েছে অনেক চিন্তা। উচ্চশিক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকেই হয়তো ভেবে পাচ্ছেন না, কেমন করে পরের পরিকল্পনাটা করবেন। কেরিয়ারে সফল মানুষরা কিন্তু বলছেন, এখন থেকেই অনেকগুলো রাস্তা সম্পর্কে চোখকান খোলা রাখতে। এবং আলোচনা করেই ভবিষ্যতের পথটা ঠিক করে নিতে হবে। কিন্তু এই পরীক্ষার পরের অবসরের কয়েক মাস বসে না কাটিয়ে, যদি ছুটিটা একটু অন্য রকম করে কাজে লাগানো যায়, তা হলে আরও ভালো হয়। কেমন করে এই ছুটিকেও একটু অন্য রকম করে কাজে লাগাবেন, সেই ব্যাপারেই একটু খোঁজ নেওয়া যাক। মাথায় রাখতে হবে, শুধু কোন পেশায় সুযোগ বেশি তা দেখলেই চলবে না। সঙ্গে তোমার আগ্রহ কোন দিকে, দক্ষতা কোন বিষয়ে বিচার করতে হবে সেগুলোও। সুযোগ ও দক্ষতার যথাযথ মেলবন্ধনে গড়ে উঠতে পারে উপযুক্ত কেরিয়ার। কেরিয়ার কাউন্সেলিং অনেকেই হয়তো ভাবছেন, কেমন করে ভবিষ্যতের পরিকল্পনা করবেন। ছাত্রছাত্রীদের প্রথম পরিকল্পনা হওয়া উচিত পরিকল্পনা করার জন্য কোনও কেরিয়ার কাউন্সেলারের সাহায্য নেওয়া। পড়ুয়া হিসেবে নিশ্চয়ই আপনার কোনও পছন্দ আছে। সেই বিষয়ে উচ্চশিক্ষা শুরু করার আগে এক বার দেখে নিন, বিষয়ের প্রসপেক্ট ঠিক কী রকম। জেনে নিন কাজের সুযোগ কতটা, আয়ের সুযোগও কতটা থাকবে ডিগ্রি পাওয়ার পর। আরও একটা ব্যাপার অনেকেই হয়তো বুঝতে পারেন না, কোথায় কোন প্রতিষ্ঠানে পড়তে পারলে সেরা প্রশিক্ষণ পাওয়া যাবে। সেই জন্য জেনে নেওয়া উচিত, আপনি ভবিষ্যতে যে পেশায় যেতে চাইছেন, সেই পেশার জন্য ঠিক কোন প্রতিষ্ঠান থেকে কোন ধরনের প্রশিক্ষণ আপনাকে সব চেয়ে বেশি সাহায্য করবে। এই গোটা ব্যাপারটায় আপনাকে এক জন কেরিয়ার কাউন্সেলার সব থেকে বেশি সাহায্য করতে পারেন। পরীক্ষার পরে এক জন সচেতন পড়ুয়া হিসেবে আপনার প্রথম কাজ হবে এই কাজটা সেরে ফেলা। সূত্র: এই সময়, ১৯ মার্চ ২০১৫