কখনও ঠিক এক মাস পরে যদি কোনও কারণে শিশুর দ্বিতীয় এবং তৃতীয় টিকা নেওয়া সম্ভব না হয়, তা হলে কি পুরো কোর্সের পুনরাবৃত্তি করা উচিত? না, কিছু দিন বিলম্ব হলে কোনও ব্যাপার নয়। সময়সারণি মেনে টিকা চালিয়ে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোর্স সম্পন্ন করতে হবে। ১টি বিসিজি ইনজেকশন, ৩টি ডিপিটি ইঞ্জেকশন, ৩ ওপিভি মাত্রা এবং ১টি হাম ইনজেকশন নেওয়ার পরই শিশু সম্পূর্ণ রূপে সুরক্ষিত হবে। তাই সঠিক সময়ে শিশুর টিকা নেওয়া এবং সব টিকা দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনও কারণ আছে যখন শিশুকে টিকা দেওয়া উচিত নয় ? খুব কম কারণ আছে যখন একটি শিশুকে টিকা দেওয়া উচিত নয়। সাধারণত ঠান্ডা লাগা বা পাতলা পায়খানার মতো অসুখ টিকা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নয়। তবে শিশুর নির্দিষ্ট কিছু অবস্থা থাকলে সেগুলো সম্পর্কে শিশু চিকিৎসককে অবশ্যই অবহিত করা উচিত। কোন কোন পরিস্থিতির কথা জানানো উচিত তা নীচে দেওয়া হল : ১। শিশুর খুব বেশি জ্বর থাকলে ২। অন্য কোনও টিকায় শিশুটির কোনও খারাপ প্রতিক্রিয়া হলে ৩। ডিম খাওয়ার পরে শিশুর গুরুতর কোনও প্রতিক্রিয়া দেখা দিলে ৪। অতীতে খিঁচুনি (তড়কা) হয়ে থাকলে। (শিশুটির অতীতে খিঁচুনি (তড়কা) হলেসঠিক পরামর্শ নিয়ে টিকা দেওয়া যেতে পারে) ৫। শিশুটির ক্যান্সার চিকিৎসা হচ্ছিল বা হচ্ছে ৬। যে সব অসুখে তার প্রতিরোধ ক্ষমতা আক্রান্ত যেমন, শিশুটির এইচআইভি বা এইডস থাকলে ৭। তার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনও ওষুধ নিলে, যেমন ইম্যুনোসাপ্রেসান্ট (অঙ্গ প্রতিস্থাপনের পর বা ম্যালিগন্যান্ট রোগের জন্য দেওয়া) বা উচ্চ মাত্রার স্টেরয়েড।