কোন কোন জাতের মাছের জন্য কী কী ধরনের পুকুর সব চাইতে উপযোগী? ডিম পোনা চাষের জন্য ৫ থেকে ১৫ কাঠা মাপের পাঁক ছাড়া ছোট ছোট পুকুর যেখানে আলো বাতাস খেলে সেই সব পুকুরই উপযুক্ত। এই সব পুকুরকে আঁতুড় পুকুর বলা হয়। আবার পাঁক যুক্ত, হাজামজা পুকুর জিওল মাছ (মাগুর, শিঙি) চাষ করার জন্য ভালো। প্রায় ১৫ কাঠা থেকে ২০ কাঠা মাপের, অল্প পাঁক আছে যা চার পাঁচ ফুট গভীর, এই সব পুকুর চারা পোনা চাষের জন্য উপযোগী। এই রকম পুকুরকে লালন পুকুর বলা হয়। যে সব পুকুর দেড় বিঘা থেকে ৭ বিঘা পর্যন্ত, মাঝারি পাক আছে এবং ৬ থেকে ৭ ফুট গভীর — এই রকম পুকুর নিবিড় মাছ চাষ বা মিশ্র মাছ চাষের জন্য উপযোগী। এই সব পুকুরকে মজুত পুকুর বলা হয়। দেশি পোনা মাছ যেমন রুই, কাতলা ও মৃগেল — এইগুলি চাষ করার জন্য কোন ধরনের পুকুর সবেচেয় উপযোগী? উ : যে সব পুকুর দেড় বিঘা থেকে প্রায় ৭ বিঘা পর্যন্ত, মাঝারি পাঁক আছে এবং ৬ থেকে ৭ ফুট গভীর, এই রকম পুকুর নিবিড় মাছ চাষ বা মিশ্র মাছ চাষের জন্য উপযোগী। এই সব পুকুরকে মজুত পুকুর বলা হয়। পুকুরের পাড়ে কম গাছপালা থাকাই ভালো। রুই, কাতলা ও মৃগেল ইত্যাদি মাছের সঙ্গে কি অন্য কোনও মাছ চাষ করা যায়? উ : রুই, কাতলা ও মৃগেল ইত্যাদি মাছের সঙ্গে চিংড়ি এবং বিদেশি পোনা এমনকী ছোট মাছও চাষ করা যায়। রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য কী ভাবে পুকুর তৈরি করতে হয়? উ : নিবিড় বা মিশ্র চাষের জন্য পুকুর তৈরি করতে যা যা করা দরকার সে গুলি হল জঙ্গল সাফ করা, পাড় বাঁধানো, আগাছা ও মাছ খেকো মাছ মেরে ফেলা, চুন ও সার দেওয়া এবং পোকামাকড় মারা।