রঙিন মাছ জিইয়ে রাখার সুব্যবস্থাপন্ন ও সুসজ্জিত ছোট জলাশয়। এই জলাশয়গুলিতে আলো বাতাসের সহজ যাতায়াতের বন্দোবস্ত থাকতে হবে যাতে ওতে রাখা মাছগুলো অক্সিজেনের অভাব অনুভব না করে। দর্শকরা রঙিন মাছের গতিবিধি উপভোগ করতে পারে এমন ব্যবস্থা থাকতে হবে। তাই চার ধার না হলেও তিন দিক স্বচ্ছ (কাচ, পলিথিন, প্লাস্টিক, ফাইবার গ্লাস ইত্যাদি) পদার্থের নির্মিত দেওয়াল থাকতে হবে। এ ছাড়া মাছ, জল ও ভিতরের সব কিছু ভালো করে পরিদর্শন ও পরিচর্যা করতে পারার ব্যবস্থা রাখতে হবে। মাছদের নিয়মিত খাবার দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জল পরিবর্তন, জলে বাতাস সংমিশ্রণ বা অক্সিজেন সংযোজনের ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে অতি গরম বা ঠান্ডার হাত থেকে বাঁচানোর ব্যবস্থা রাখতে হবে। ভিতরে-বাইরে আলোর বাহার করা যেতে পারে। অধুনা কাচ বা কাচ জাতীয় স্বচ্ছ জিনিসের তৈরি অ্যাকোয়ারিয়ামই সকলের বেশি পছন্দ এবং বহুল প্রচলিত। এই রকম অ্যাকোয়ারিয়ামে কাচের পাতগুলো দৃঢ় ভাবে আটকানো হয় রবার সিলিকন দিয়ে। এতে সুবিধা হল যে কোনও আকার ও প্রকারের অ্যাকোয়ারিয়াম বানানো যায়। তৈরির পদ্ধতিও খুব সরল এবং স্বল্প খরচে বানানো সম্ভব। এতে অ্যাকোয়ারিয়ামে সূক্ষ্ম ছিদ্রও এড়িয়ে যাওয়া যায়। প্রয়োজনীয় দ্রব্যাদি অ্যাকোয়ারিয়াম তৈরির জন্য যে সব বস্তুর দরকার সেগুলি হল —গ্লাস নির্মিত ঢাকা বাক্স, বৈদ্যুতিক আলো ও তার সামগ্রী, বাতাস প্রবেশ করার যন্ত্র (এয়ার পাম্প), ছোট ছোট নুড়ি পাথর, খাবার পাত্র (ফিডিং কাপ), স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রক যন্ত্র (থারমোস্ট্যাট হিটার), নানা রকম দৃষ্টি নন্দন খেলনা, পিছনে লাগানো সুন্দর সুদৃশ্য, ছবি (সিনারি), পরিষ্কার করার জন্য ব্যবস্থা, মগ, বালতি, জল পরিবর্তনের জন্য পাইপ, বাতাস প্রবেশের জন্য পাইপ, সংযোজক জল, খোলা বন্ধের চাবি, মিথিলিন ব্লু, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক দ্রব্য। অ্যাকোয়ারিয়াম কোথায় কোথায় রাখা হয় ? যে হেতু কোনও স্থানকে আরও সুসজ্জিত ও দৃষ্টিনন্দন করার জন্য অ্যাকোয়ারিয়ামকে কাজে লাগানোটাই আসল উদ্দেশ্য, তাই সহজে মানুষের দৃষ্টিগোচর হয় এমন পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত জায়গায় এটাকে স্থাপন করতে হবে। মাটি বা মেঝে থেকে অন্তত ১ মিটার উপরে স্থাপন করাই ভালো। যদি খুব বড় এবং মাটি বা সিমেন্টে তৈরি অ্যাকোয়ারিয়াম হয় তবে অবশ্য আলাদা কথা। এগুলো ছাদের উপরে, বাগানে, বসার ঘরে, অফিসে, পার্কে, হোটেলে, অতিথিশালায়, পরিদর্শন স্থানে, শিশুদের আনাগোনা হয় এমন চিকিত্সাস্থলে এদের বেশ মানায়।