পরিবহণ কর সঠিক সময়ে দেওয়া হয়েছে কিনা, গাড়ি বিমা করা হয়েছে কিনা এবং সেই বিমার প্রিমিয়াম ঠিক সময় দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি তথ্য এসএমএসের মাধ্যমে জানাতে সড়ক পরিবহণ কর্তৃপক্ষর (আরটিএ) উদ্যোগে তেলঙ্গানায় চালু হয়েছে এসএমএস পরিষেবা। বর্তমানে মোবাইল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন তথ্য দ্রুত সড়ক পরিবহণ কর্মী এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা। নাগরিকরা সংস্থার সঙ্গে বিভিন্ন লেনদেন, কর দেওয়া হয়েছে কিনা বা নতুন গাড়ির রেজিস্ট্রেশন সহ নানা তথ্য এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। এটি সড়ক পরিবহণ কর্মীদের নানা প্রয়োজনে সহায়তা করবে। তারা এর মাধ্যমে বিভিন্ন নথি সংক্রান্ত তথ্য জানতে পারবেন। সঠিক সময়ে কর দেওয়া হয়েছে কিনা, নাকি বাকি রয়েছে তা জানতে পারবেন। ২০১৪-র ডিসেম্বর মাসে এই পরিষেবা চালু হওয়ার পর পরই বিভিন্ন তথ্য সম্বলিত এক লাখ এসএমএস পাঠানো হয়েছে। এই পরিষেবার মাধ্যমে কর জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার এক সপ্তাহ আগে এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়। যারা এই এসএমএস পরিষেবা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন, তাঁদের নিয়মিত আপডেট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকছে। এই এসএমএস পরিষেবাকে আরও বিস্তৃত করে রাজ্যের সব ক’টি বিমা সংস্থার ডেটা বেসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে ভুয়ো বিমা সংক্রান্ত সমস্যা এড়ানো যাবে। বিভিন্ন সময় বিমা সংক্রান্ত ভুয়ো তথ্য যাচাই করতে দীর্ঘ সময় লেগে যায়। বিমা কোম্পানিগুলির সঙ্গে গ্রাহকের তথ্য জুড়ে দেওয়ার ফলে দ্রুত বিমা সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে। এ ছাড়া, বিমা পুনর্নবীকরণের সময় আসার আগেই গ্রাহকরা এসএমএস অ্যালার্ট পেয়ে যাবেন। পরিবহণ ব্যবস্থায় ই-গর্ভন্যান্সকে আরও জোরালো করতে তেলঙ্গানা পরিবহণ সংস্থা বিশেষ মোবাইল অ্যাপও তৈরি করেছে। গ্রাহকরা এই মোবাইল অ্যাপ ডাউনলোড করে আরটিএ-র বিভিন্ন তথ্য খুব সহজেই পেতে পারবে। সূত্র : ফার্স্ট পোস্ট