বিভিন্ন গুরুত্বপূর্ণ শংসাপত্র, ডিগ্রি ইত্যাদি নিরাপদ রেখে দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকার চালু করেছে ডিজিট্যাল লকার। চাকরি এবং অন্যান্য কাজে বিভিন্ন সময় এই সব গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হয়। এই সব শংসাপত্র, ডিগ্রির সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘুরে বেড়ানোর ঝক্কি কমাতে মহারাষ্ট্র সরকার চালু করেছে ‘মহা ডিজিট্যাল লকার’। বয়স, বিবাহ, আয় ইত্যাদির শংসাপত্র আপলোড করা থাকলে চাকরি বা অন্য প্রয়োজনে এগুলি নিয়ে বেড়ানোর প্রয়োজন হবে না। এই ডিজিটাল লকারকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ই-লকারে লগ ইন করতে হলে আধার নম্বর লাগবে।elocker.maharashtra.gov.in এই সাইটে গিয়ে শংসাপত্র স্ক্যান করে তুলে রাখা যাবে। এর ফলে নিয়োগকর্তারা এই পোর্টালে মাধ্যমে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর শংসাপত্রগুলি যাচাই করতে পারবেন। গুরুত্বপূর্ণ ডিগ্রি এবং শংসাপত্র কী ভাবে ই-লকারে সুরক্ষিত থাকবে? যেহেতু শংসা পত্র এবং ডিগ্রিগুলি একজন মানুষের জীবনে খুব গুরুত্ব নথি, তাই একে সুরক্ষিত রাখাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিরাপত্তার জন্য সমস্ত নথি ওয়ান-টাইম-পাসওর্য়াডের মাধ্যমে সুরক্ষিত থাকবে। অর্থাৎ ব্যবহারকারী লগ-ইন করলে প্রতি বার তাঁর রেজিস্ট্রার করা মোবাইলে একটি করে পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ড দিলে তবেই প্রবেশ করা যাবে। কী ভাবে নিয়োগকারী বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ই-লকার ব্যবহার করবে? ই-লকারকে ব্যবহার করতে নিয়োগকারী বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি নির্দিষ্ট লিঙ্ক এবং ‘টু ওয়ে পাসওয়ার্ড’ দেওয়া হবে। যাতে তারা চাকরি প্রার্থী বা ছাত্রদের শংসাপত্র দেখতে পারে। ওই নির্দিষ্ট ওয়েব লিঙ্কে গিয়ে তাদেরকে দেওয়া পাসওয়ার্ডটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এরপরই সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী বা শিক্ষার্থীর শংসাপত্র দেখতে পারবে। এই অভিনব উদ্যোগে চাকরিপ্রার্থী বা শিক্ষার্থীর শংসাপত্র হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। পরীক্ষামূলক ভাবে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় এই ‘মহা ই-লকার চালু করা হয়েছে। এই পরীক্ষারহ ফলের উপর ভিত্তি করে পরবর্তীকালে সারা রাজ্যে এই ই-লকার ব্যবস্থা চালু করা হবে। সূত্র : ফার্স্ট পোস্ট