কম্পিউটারকে পরিচালন করার একটি পদ্ধতি বা অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ। এটি মাইক্রোসফট কোম্পানির অবদান। উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বা সংস্করণ আছে, যেগুলির সাহায্যে কম্পিউটারকে ব্যবহার করা হয়। এই অপারেটিং সিস্টেমের বহুল প্রচলিত সংস্করণটির নাম উইন্ডোজ ৭, উইন্ডোজ XP । এখানে উল্লেখ করা যেতে পারে, উইন্ডোজ ৭, উইন্ডোজ XP-এর আগে মাইক্রোসফট তথ্য প্রযুক্তির জগতে এনেছিল উইন্ডোজ 98 নামক পদ্ধতি, আবার উইন্ডোজ 7, উইন্ডোজ XP-এর পরে আরও উন্নত পদ্ধতি হিসাবে মাইক্রোসফট নিয়ে এসেছে উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ১০। অবশ্যই উইন্ডোজের প্রতিটি সংস্করণ তার আগেরটির থেকে আরও উন্নত, ব্যবহারকারীর প্রতি আরও বেশি বন্ধুবত্সল এবং আরও বেশি প্রয়োজন মেটাতে সক্ষম। এখন দেখা যাক উইন্ডোজ (Windows) কথাটি এলো কোথা থেকে। অবশ্যই ইংরাজির উইন্ডো (Window) শব্দটি থেকে, বাংলায় যার প্রচলিত অর্থ জানলা। কম্পিউটারের ক্ষেত্রে উইন্ডো হলো তার পর্দার মধ্যে একটি আয়তকার অংশ, যেখানে কোনও প্রোগ্রাম বা কম্পিউটার পরিচালনার পদ্ধতি প্রয়োজনীয় তথ্যকে উপস্থাপিত করে। বাড়িতে যে জানলা থাকে, তা দিয়ে যেমন বাড়ির বাইরের অংশটা দেখা যায়, তেমনি আয়তাকার ঐ অংশে আমরা নথি বা তথ্য দেখতে পাই, আর সেই ধারণা থেকেই কম্পিউটারের পর্দার ঐ আয়তাকার অংশটির নামকরণ করা হয়েছে উইন্ডো, বহুবচনে উইন্ডোজ। সূত্র : কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম