কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি। এটি দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন তার কাজের বিস্তৃতি ছিল লাহোর (বর্তমানে পাকিস্তান) থেকে রেঙ্গুন (বর্তমানে মায়ানমারের ইয়াঙ্গন)ও সিলোন (বর্তমানে শ্রীলঙ্কা) পর্যন্ত। এখন বিশ্ববিদ্যালয়ের অধিক্ষেত্র কলকাতা লাগোয়া কতগুলি জেলায় সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং ও উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। ১৮৫৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দু’জন স্নাতক হন, যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইউজিসি ও ন্যাক এই বিশ্ববিদ্যালয়কে ‘ফাইভ স্টার ইউনিভারসিটি’ এবং ‘সেন্টার উইদ পটেনশিয়াল ফর এক্সসেলেন্স’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। কলকাতায় এই বিশ্ববিদ্যালয়ের ছ’টি ক্যাম্পাস রয়েছে --- কলেজ স্ট্রিট (আশুতোষ শিক্ষা প্রাঙ্গণ), রাজাবাজার (রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ), বালিগঞ্জ (তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ), আলিপুর (শহিদ ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গণ), হাজরা রোড ও বি টি রোড।