উত্তর চব্বিশ পরগণা জেলাটি কলকাতা থেকে প্রায় ৩০ কিমি দূরে । এই জেলার প্রশাসনিক ভবন ও সদর দপ্তর বারাসাত শহরে অবস্থিত। এই জেলার শহরগুলি কলকাতা শহরের সাথে রাস্তা ও রেললাইন দ্বারা যুক্ত। উল্লেখনীও শহরগুলির নাম বারাসত, বারাকপুর, বসিরহাট ও বিধাননগর (সল্টলেক)। গাঙ্গেয় ব-দ্বীপ বা গঙ্গা-ব্রক্ষ্মপুত্র ব-দ্বীপ স্থিত এই জেলায় গঙ্গা নদী পশ্চিম সীমানা বরাবর বইছে। জেলার উল্লেখনীও নদীর গুলির নাম ইছামতি, যমুনা ও বিদ্যাধরী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগণার পারমাদান মৌজার ৯২ হেক্টর বনভূমি। এই বনাঞ্চলকে আকর্ষণীয় করে তোলার জন্য বন দফতর চিন্তাভাবনা শুরু করে ১৯৬৪ সালে। এলাকার জলেজঙ্গলে ছেড়ে দেওয়া হয় ১৪টি চিতল হরিণ। একই সঙ্গে তাদের রক্ষারও ব্যবস্থা করা হয়। ঝাড়েবংশে বাড়তে থাকে এই মৃগকুল। বন দফতর তাদের প্রয়াসের সাফল্য লক্ষ করে ১৯৮০ সালে পারমাদানের ৬৪ হেক্টর বনভূমি সংরক্ষিত অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে এবং ১৯৯৫ সালে প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণের নামে এই অভয়ারণ্যের নামকরণ হয় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অরণ্যের দু’টি মহল --- বাহির মহল ও অন্দর মহল। অন্দর মহলটি জাল দিয়ে ঘেরা। সেখানেই বাস মৃগদলের। সংখ্যায় তারা কত? কেউ বলেন দু’শো, কেউ বা চারশো। মোদ্দা কথায় সংখ্যায় তারা প্রচুর। এদের মধ্যে চিতলই বেশি। আছে কিছু মাউস ডিয়ার, মুখটা তাদের ইঁদুরের মতো। পারামাদান যেন ইছামতীর বাগান। উত্তর-দক্ষিণ-পশ্চিমে বেড় দিয়ে বয়ে যায় ইছামতী। নদী থেকে অনেক শুঁড়িপথ চলে গেছে জঙ্গলের অন্দরে। নৌকা করে এসে ঢুকে যাওয়া যায় সেই সব শুঁড়িপথে, জঙ্গলকে চেনা যায় আরও আপন করে। এই পারমাদানের বনে শিমূল–শিরীষ–সেগুন–শিশু–মিনজিরি–গোকুল-অর্জুন–জারুল–তুঁত–বাঁদরলাঠি গাছের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে অসংখ্য নাম-না-জানা লতাগুল্ম। তারই আড়ালে খেলে বেড়াচ্ছে হরিণের দল। এই জঙ্গলে শাখামৃগও প্রচুর। আছে নানা ধরনের সাপ আর গোসাপ। আর পাখি? চেনা-অচেনা হাজার হাজার পাখি এই অরণ্যে খেলে বেড়ায়। কলকাতা থেকে ট্রেনে বনগাঁ। সেখান থেকে ৩৩ কিলোমিটার দূরে এই অরণ্যে আসা যায় বাসে। রাত কাটানোর জন্য আছে বনবাংলো। একটা রাত কাটানো এক অপূর্ব অভিজ্ঞতা। থাকার জায়গা : চাঁপাডালি ডি.এফ.ও. রেষ্ট হাউস এবং ডরমিটরি (গেস্ট হাউস), বারাসাত, উত্তর ২৪ পরগনা (ইছামতি নদীর তীরে অবস্থিত), মোবাইল নো. +৯১ ৩৩ ২৫৫২০৯৬৮। বুকিং আগাম করা হয়। যোগাযোগ: বিভাগীয় বন কর্মকর্তা, উত্তর ২৪-পরগনা বিভাগ, পি.ও. বারাসাত, জেলা:- উত্তর ২৪-পরগনা । সূত্র: পোর্টাল কনটেন্ট টিম