বেঁচে থাকার জন্য যেটুকু না হলেই নয়, অর্থাৎ খাদ্য, জল, বাসস্থান দিয়েই শিশুদের প্রয়োজন মেটে না। এগুলো ছাড়াও বেশ কিছু জিনিস তাদের প্রয়োজন হয়--- শিশুদের এমন একজনকে প্রয়োজন, যার সঙ্গে তারা তাদের ভাবনা, সমস্যা ও লক্ষ্য নিয়ে কথা বলতে পারে। অভিভাবকদের উচিত রোজ তাঁর সন্তানের সঙ্গে কথা বলা ও সময় কাটানো। বন্ধুরা শিশুর জীবনে বড় ও দ্রুত পরিবর্তন নিয়ে আসে। তাই ভালো বন্ধু শিশুর জীবনে অত্যন্ত জরুরি। কথায় আছে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। পছন্দ, অপছন্দ, স্বপ্ন, ইচ্ছায় তার সঙ্গে মিল রয়েছে, এমন ব্যক্তির সঙ্গে শিশুরা মিশতে পছন্দ করে। তাই শিশুরা কার সঙ্গে মেলামেশা করছে, সে দিকে অভিভাবকদের তীক্ষ্ণ নজর রাখা দরকার। শিশুদের আত্মপরিচয়ের বিকাশ ঘটানো উচিত, এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী করে তোলার চেষ্টা করা উচিত, যা তাদের অন্য শিশুদের থেকে আলাদা করে। শিশুরা অন্য সবার থেকে আলাদা, তারা একেবারে নিজস্ব ভঙ্গিমায় নিজের মনের ভাব প্রকাশ করে। অভিভাবকদের অবশ্যই তাদের এ ব্যাপারে উৎসাহ দেওয়া প্রয়োজন, তাদের চেতনায় সঠিক নীতিবোধ যাতে জায়গা করে নিতে পারে সে ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার।