১। একটি গ্রামকে কখন বিদ্যুদয়িত বলে ঘোষণা করা যায় ? বিদ্যুদয়নের সংজ্ঞা কী? গ্রামীণ বিদ্যুদয়নের নতুন সংজ্ঞা ২০০৪-০৫ থেকে চালু হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী একটি গ্রামকে বিদ্যুদয়িত বলে ঘোষণা করা হবে যদি --- (ক) গ্রামের বসতি এলাকায় এবং যদি থাকে তবে দলিত বস্তি এলাকায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন লাইনের মতো প্রাথমিক পরিকাঠামো থাকে; (খ) স্কুল, পঞ্চায়েত অফিস, স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তারখানা, কমিউনিটি সেন্টারের মতো প্রকাশ্য স্থানে বিদ্যুৎ পৌঁছে যায়; (গ) গ্রামের মোট বাড়ির ১০ শতাংশ বিদ্যুদয়িত হয়। ২। আরজিজিভিওয়াই কর্মসূচির অধীনে বিদ্যুৎ সংযোগ কি বিনা মূল্যের ? সরবরাহকৃত বিদ্যুতও কি নিখরচার ? আরজিজিভিওয়াই কর্মসূচির অধীনে বিপিএল পরিবারে এক লাইনবিশিষ্ট বিদ্যুৎ সংযোগে কোনও পয়সা লাগে না। এই কর্মসূচি অনুসারে কোনও বিপিএল পরিবারে বিদ্যুৎ লাইন সম্প্রসারিত করা হলেও তার জন্য খরচা লাগে না। এপিএল (দারিদ্রসীমার উপরে) পরিবারে বিদ্যুৎ সংযোগ নিখরচায় নয়। সংশ্লিষ্ট রাজ্য বিদ্যুৎ সংস্থার যে নিয়ম আছে সেই অনুযায়ী এপিএল পরিবারকে দাম দিতে হবে। ৩। যে গ্রামগুল প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং যে সব গ্রামে চলতি গ্রিড আরও প্রসারিত করা সম্ভব নয় বা অনপচয়ী নয়, সেই সব গ্রামের কী হবে ? স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষমতার বিদ্যুৎ ইউনিট তৈরি করে আরজিজিভিওয়াই কর্মসূচির অধীনে ডিডিজি (ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড জেনারেশন) ব্যবস্থার আওতায় এ ধরনের গ্রামগুলিকে নিয়ে আসা যেতে পারে। ৪। কে ফ্র্যাঞ্চাইজি হতে পারে ? যে কোনও ব্যক্তিবিশেষ সুবিধাভোগী, কয়েক জনের গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, সমবায়, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান ইত্যাদি। ৫। ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য কাকে যোগাযোগ করতে হবে ? ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য ওই এলাকার সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার (বণ্টন কোম্পানি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা সরকারি বিদ্যুৎ দফতর, যেখানে যে দায়িত্বপ্রাপ্ত) নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ফ্র্যাঞ্চাইজি নামানোর ব্যাপারে আরইসির কোনও ভূমিকা নেই। ৬। ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন মডেল কী ? ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন মডেল হল --- (ক) রাজস্ব ফ্র্যাঞ্চাইজি --- সংগ্রহভিত্তিক (খ) রাজস্ব ফ্র্যাঞ্চাইজি --- নিবেশভিত্তিক (গ) নিবেশভিত্তিক ফ্র্যাঞ্চাইজি (ঘ) সম্পাদন ও রক্ষণাবেক্ষণ ফ্র্যাঞ্চাইজি (ঙ) গ্রামীণ বিদ্যুৎ সমবায় সমতি বিস্তারিত তথ্যের জন্য দেখুন আরইসির ওয়েবসাইট http://www.rggvy.gov.in/rggvy/rggvyportal/franchisee_model.htm ৭। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য আমি কোথায় পাব ? ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশিকার জন্য দেখুন আরইসির ওয়েবসাইট http://www.recindia.nic.in/download/rggvy_franch_broch.pdf সূত্র : Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana website