ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক বড় শহরগুলিতে আদিত্য সৌর দোকান চালু করার জন্য উৎসাহ দিচ্ছে। এই দোকানগুলিকে এখন ‘অক্ষয় উর্জা শপ’ নামে অভিহিত করা হয়। এই দোকানগুলি সৌরশক্তির পণ্য-সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির বিভিন্ন সরঞ্জাম ও সিস্টেম বিক্রি ও তৎসংক্রান্ত পরিষেবা দেয়। এই দোকানগুলি নিম্নলিখিত কাজ করে -- বিভিন্ন ধরনের পুনর্নবীকরণযোগ্য শক্তির সরঞ্জাম ও দক্ষ শক্তি-সরঞ্জাম বিক্রি। পুনর্নবীকরণযোগ্য শক্তির সরঞ্জাম সারানো ও পরিষেবা দেওয়া পুনর্নবীকরণযোগ্য শক্তির যন্ত্রপাতি ও ব্যবস্থা সংক্রান্ত তথ্যাদি ছড়িয়ে দেওয়া, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে ব্যক্তি/কোম্পানিকে অবহিত করা। আর্থিক সহায়তার জন্য উপযুক্ত সংস্থা রাজ্য নোডাল এজেন্সি, বেসরকারি উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা দেশের সমস্ত জেলায় এ ধরনের দোকান খুলে চালাতে পারে। আর্থিক সহায়তা এ ধরনের দোকান খুলতে আবেদনকারীরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও তফশিলভুক্ত সমবায় ব্যাঙ্ক থেকে সংস্থা তৈরির মোট খরচের ৮৫ শতাংশ টাকা ৭ শতাংশ সুদে ঋণ (দশ লক্ষ টাকার বেশি নয়) হিসাবে নিতে পারবে। এই ঋণ পাঁচ বছরের মধ্যে পরিশোধযোগ্য। রাজ্য নোডাল এজেন্সি মারফত কর্মচারী, বিদ্যুৎ, টেলিফোন বিল ও অন্যান্য খরচ বাবদ প্রতি মাসে ৫ হাজার টাকা অনুদান পাওয়া যাবে। তবে দোকান যে কিছু ব্যবসা করে তা দেখাতে হবে। প্রথম বছর প্রতি মাসে যদি ৫০ হাজার টাকা টার্নওভার হয় এবং দ্বিতীয় বছর থেকে যদি মাসে এক লক্ষ টাকা টার্নওভার হয় তা হলে তার দরুন মাসে পাঁচ হাজার টাকা উৎসাহভাতা পাওয়া যাবে। যদি কোনও মাসে টার্ন ওভার ন্যূনতম সীমার নীচে নামলে সেই মাসে উৎসাহভাতা দেওয়া হবে না। (প্রতি ছ’মাস অন্তর টার্নওভার হিসাব করে দেখা হবে দোকান চালানোর মাসিক খরচ বা উৎসাহভাতা পাওয়ার যোগ্যতা কোনও দোকানের আছে কিনা। যদি প্রথম বছর ছ’মাসের টার্নওভার দেড় লক্ষ টাকার কম হয় বা দ্বিতীয় বছরের ছ’মাসে তিন লক্ষ টাকার কম হয় তা হলে সেই দোকান কোনও অনুদান বা উৎসাহভাতা পাবে না। প্রতি ছ’মাস অন্তর ব্যয়পূরণের ভিত্তিতে রাজ্য নোডাল এজেন্সি অনুদান বা উৎসাহদানের টাকা দেবে। নতুন দোকানগুলির ক্ষেত্রে তাদের দোকান খোলার পর দু’বছর এই টাকা পাওয়া যাবে। এই প্রকল্প রাজ্য নোডাল এজেন্সি এবং আইআরইডিএ দ্বারা পরিচালিত হবে।