উদ্দেশ্য জওহরলাল নেহরু জাতীয় সৌর মিশনের লক্ষ্য অনুসারে গ্রিডবিচ্ছিন্ন সৌর সরঞ্জামে (বক্স অথবা ডিশ ধরনের) রান্না করা জনপ্রিয় করার জন্যই সহায়তা। এই সরঞ্জামে শুধু রান্নাই নয়, বেকিং আর ফ্রাইং-ও হবে। উপকৃত ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীবিশেষ রান্নার জন্য সৌর সরঞ্জাম ব্যবহার করে যে ফল পেয়েছেন তা দেখিয়ে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা। বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে নতুন পদ্ধতি উদ্ভাবনে এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির জন্য উৎসাহ দেওয়া। সীমাবদ্ধ শর্তের মধ্যে চাহিদাচালিত নমনীয় অবস্থার কথা মাথায় রেখে চ্যানেল পার্টনার ও সম্ভাব্য সুবিধাভোগীকে সাহায্য করা। কনসালটেন্সি সার্ভিস, সেমিনার, সিম্পোসিয়া, দক্ষতা বৃদ্ধি, সচেতনতার প্রচার, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে নজর দেওয়া। প্রকল্পের সুযোগ এই কর্মসূচি সমগ্র ভারতেই প্রযোজ্য এবং এটি জওহরলাল নেহরু সৌর মিশনের অঙ্গ হিসাবে গ্রিডবিচ্ছিন্ন বিকেন্দ্রীকৃত সৌর ব্যবস্থার প্রয়োগে গুরুত্ব দেবে। রাজ্যের চাহিদা এবং উচ্চসম্ভাব্যতা অনুযায়ী লক্ষ্যমাত্রা পূরণের কাজ চলবে। বিকেন্দ্রীকৃত, গ্রিডবিচ্ছিন্ন যে কোনও মাপের/সংখ্যার রান্নার উপকরণ এই কর্মসূচির আওতায় আসতে পারে। এই কর্মসূচি গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও রূপায়িত করা যায়। রূপায়ণের প্রক্রিয়া কর্মসূচিটি একাধিক এজেন্সির মাধ্যমে কার্যকর হতে পারে। এদের মধ্যে রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত রাজ্যের দফতর/রাজ্য স্তরের নোডাল এজেন্সি (এসএনএ), সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, চ্যানেল পার্টনার এবং অন্যান্য সরকারি সংগঠন, যেমন সরকার মালিকানাধীন সংস্থা, প্রতিষ্ঠান, রাজ্যের দফতর, স্থানীয় প্রশাসন এবং এনএইচবি/নাবার্ড/আইআরইডিএ।