গত ২৫ জানুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরস্পর মিলিত হয়ে ভারতের দূষণমুক্ত শক্তি প্রকল্পের ব্যাপারে কিছু যৌথ ঘোষণা করলেন। ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদন জনিত লক্ষ্যে পৌঁছনো এবং আন্তজার্তিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়েই এই ঘোষণা। আগামী বছর প্যারিসে আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসাবেই এই সিদ্ধান্তগুলি ফলপ্রসূ করা হবে বলে যুগ্ম বিবৃতিতে দাবি করা হয়েছে। যুগ্ম বিবৃতির মূল বিষয়গুলি হল— ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বিশ্বের জলবায়ু পরিবর্তন মানবতার উপর গভীর আশঙ্কা নামিয়ে এনেছে। এর ফলে উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, স্থায়ী বৃদ্ধি প্রভৃতি বিষয়গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, এই বিষয়টি একটি গভীর চ্যালেঞ্জ এবং গোটা বিশ্বের সমস্ত পক্ষকে এক হয়ে এর মোকাবিলা করতে হবে। তাঁরা দু’দেশের মধ্যে এ ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রগুলির উপর জোর দিয়েছেন, যেমন কারিগরির উদ্ভাবনা, যুগ্ম গবেষণা, কারিগরির ব্যবহার, দূষণমুক্ত শক্তির ব্যাপারে কার্যকর ও দক্ষ সমাধান নির্ণয় এবং লো কার্বন-নির্ভর ও পরিবেশ-বান্ধব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। ২০১৫ সালে বিশ্বের সবক’টি দেশ যাতে কার্যকর জলবায়ু চুক্তিতে পৌঁছতে পারে সে জন্য দু’দেশ একযোগে কাজ করবে বলেও তাঁরা মনে করেন। এই লক্ষ্যে সব পক্ষের গ্রহণযোগ্য চুক্তি তৈরির ব্যাপারেও দু’দেশ এক সঙ্গে কাজ করবে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সেপ্টেম্বর ২০১৪-র সিদ্ধান্ত অনুযায়ী ধীরে ধীরে এইচএফসির পরিমাণ কমানোর ব্যাপারে এক মত। এ ব্যাপারে মনট্রিল প্রোটোকল যাতে এ বছরও কার্যকর থাকে সে দিকে দৃষ্টি দেওয়া হবে। শীর্ষ নেতৃত্ব ভারতের লো কার্বন অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন। ভারত অপ্রথাগত পরিষ্কার শক্তি উৎপাদন বাড়াতে চায়। তার লক্ষ্য ২০২২ সালের মধ্যে দেশে ১০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা। সূত্র : ফেসবুক ও টুইটারে শেয়ার করা যৌথ বিবৃতি