সোলার ওয়াটার হিটার কী ভাবে কাজ করে তা বোঝা অত্যন্ত সহজ। সোলার ওয়াটার হিটার দু’টি তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে। সেগুলি হল— একটা কালো তল রোদে রেখে দিলে তা সূর্যরশ্মি শুষে নিয়ে গরম হয়ে ওঠে। সোলার হিটারে সৌরশক্তি-শোষণ বাড়াতে কালো তলের শোষণক্ষমতার ধর্মটি কাজে লাগানো হয়। একটি বাস বা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রোদে থাকলে তার ভিতরটা খুবই গরম হয়ে যায়। তার কারণ সূর্যরশ্মি কাচের জানলা ভেদ করে ভিতরে আসতে পারে বটে, কিন্তু তা বাইরে যেতে পারে না। টার ফলে ভিতরটা গরম হয়ে যায়। ঠিক একই ভাবে রোদে রেখে দেওয়া সোলার হিটারের টিউবের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জল গরম হয়। এই দুই তত্ত্বই সোলার ওয়াটার হিটারের ফ্ল্যাট প্লেট কালেক্টরে কাজে লাগানো হয়। সোলার ওয়াটার হিটারের কর্মপদ্ধতি একটি গার্হস্থ্য সোলার ওয়াটার হিটারে এক বা একাধিক সৌরশক্তির সংগ্রাহক প্লেট এবং একটি ট্যাঙ্ক থাকে। সংগ্রাহক প্লেটগুলি সূর্যের দিকে মুখ ফেরানো থাকায় তা সূর্যের আলোক গ্রহণ করতে সক্ষম হয়। প্লেটের তলায় থাকা একটি কালো রঙের তল সৌরবিকিরণ শোষণ করে এবং ওই শক্তি প্রবাহিত জলে পাঠিয়ে দেয়। গরম জল একটি ট্যাঙ্কের মধ্যে সংরক্ষিত হয়।ওই ট্যাঙ্কটি তাপ নিরোধক হওয়ায় তাপ বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে না। গরম ও ঠান্ডা জলের ঘনত্বের পার্থক্যের কারণে (থারমোসাইফন এফেক্ট) সংগ্রাহকের মধ্যে দিয়ে ক্রমাগত ট্যাঙ্কে গরম জল পাঠানো এবং ঠান্ডা জল সংগ্রাহকের লাগোয়া টিউবে আসার পদ্ধতি আপনাআপনি চলতে থাকে।