কম খরচে উদ্যানজাত দ্রব্যাদি রাখার রাখার জন্য এ ধরনের ঘর খুবই উপযোগী। এই ঘরের সাহায্যে খামারের মধ্যেই তাজা ফল, শাকসবজি এবং ফুল সংরক্ষণ করা যায়। অত্যন্ত বেশি পরিমাণে আর্দ্রভাব থাকায় ফল এবং শাকসবজি সংরক্ষণ করা খুবই কষ্টসাধ্য। অল্পদিনেই পচন ধরে যায়। তা ছাড়া এগুলি জীবন্ত প্রাণ। খেত বা গাছ থেকে তুলে নেওয়ার পরও এরা শ্বাসপ্রশ্বাস চালায়, পাকতে থাকে। সংরক্ষিত স্থানের তাপমাত্রা কমিয়ে এদের পচন রোধ করা সম্ভব। ইট, বালি, বাঁশ, খসখস, খড়, চটের ব্যাগ ইত্যাদি দিয়ে শক্তিবিহীন ঠান্ডা ঘর সহজেই বানানো যায়। এই ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে অন্তত ১০-১৫ ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও ৯০ শতাংশের কাছাকাছি থাকে। ফলে শুকনো মরশুমে এ ধরনের ঘর খুবই উপযোগী ভূমিকা পালন করে।