এক পা ফুললে ডিপ ভেন থ্রম্বোসিসের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বিশেষ করে আকাশপথে বহু দূর পাড়ি দেওয়ার পর বা বহু দিন ধরে শয্যাশায়ী হয়ে থাকলে। ডিপ ভেন থ্রম্বোসিস পুষে রাখলে পায়ের শিরায় জমে থাকা রক্তের ডেলা ফুসফুসে চলে গিয়ে পালমোনারি এমবলিজম নামে মারাত্মক অসুখের সৃষ্টি হতে পারে। জটিল পরিস্থিতি। সময়মতো ধরা না পড়লে মৃত্যু হওয়াও অসম্ভব নয়। দু’ পা ফুললে পা ঝুলিয়ে বসা বন্ধ করুন। শোওয়ার সময় পা রাখুন বালিশের উপর। বেশি চলা ফেরা করলে বা একটানা দাঁড়িয়ে থাকতে থাকতে যদি পা ফোলে, অভ্যেস বদলে দেখুন ফোলা কমে কি না। বয়স বেশি হলে দু-চার দিন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেখতে পারেন। উচ্চ রক্তচাপের ওষুধে ফুলতে পারে। ডাক্তারকে জানান। ওষুধ বদলে দিলে ফোলা কমে যাবে। ফোলার কারণ না জেনে নুন, জল খাওয়া কমানোর দরকার নেই। অবশ্য বিভিন্ন কারণেই আমরা নুন কম খেতে বলি। কাজেই নুনে অসুবিধা নেই। কিন্তু জল খাওয়া কমাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া ল্যাসিক্স জাতীয় ওয়াটার পিল খাবেন না। বিপদে পড়ে যেতে পারেন। দু-এক দিনে ফোলা না কমলে এবং সঙ্গে যদি বুক ধড়ফড়, শ্বাস কষ্ট, পেট ফোলা, জন্ডিস, চোখের চার ধারে ফোলা ভাব, মারাত্মক ক্লান্তি, দুর্বলতা ইত্যাদি উপসর্গের এক বা একাধিক থাকে, দেরি না করে ডাক্তার দেখান। তথ্য : ডাঃ বিশ্বনাথ চক্রবর্তী