৪ – ৬ দিন ধরে ম্যালেরিয়ায় ভুগছেন এমন কাউকে স্ত্রী অ্যানাফিলিস মশা কামড়ালে মশার শরীরে জীবাণু ঢোকে। তার ৭ – ১০ দিন পরে সেই মশা সুস্থ মানুষকে সংক্রামিত করতে পারে। প্রতিরোধ ক্ষমতা জোরদার হলে ম্যালেরিয়া হয় না। হলেও রোগ দেখা দিতে দিতে ১ – ৬ সপ্তাহ সময় লাগে। রোগ ঠেকাতে বাড়ির চার পাশে জল জমতে দেবেন না। চৌবাচ্চা থাকলে ৭ দিন অন্তত এক বার শুকিয়ে পরিষ্কার করে নেবেন। মশারির নীচে শোবেন এবং খেয়াল রাখেবেন শরীরের কোনও অংশ যাতে মশারির গায়ে লেগে না থাকে। বাইরে বেরোলে শরীরের খোলা অংশে মশা তাড়ানোর ক্রিম লাগিয়ে নেবেন। আশপাশে ম্যালেরিয়া হচ্ছে দেখে ক্লোরোকুইন খেতে শুরু করবেন না। সত্যি ম্যালেরিয়া হলে পরে আর এই ওষুধে কাজ হবে না। চোখেরও ক্ষতি হতে পারে। কী করে বুঝবেন রক্ত পরীক্ষা। রোগের শুরুতে অনেক সময় রক্তে জীবাণুর পরিমাণ এত কম থাকে যে পরীক্ষায় তা নাও ধরা পড়তে পারে। সে ক্ষেত্রে, সন্দেহ হলে, পর পর তিন দিন পরীক্ষা করানো হয়। ম্যালেরিয়া অ্যান্টিজেন টেস্টও করতে হতে পারে।