প্রসবের পরে তিনটি সাংঘাতিক জটিলতা দেখা দিতে পারে: এক্ল্যাম্পশিয়া বা খিঁচুনি (প্রসবের প্রথম দু’দিনের মধ্যে অথবা ৪৮ ঘন্টা পরে), সংক্রমণ ও রক্তক্ষরণ (খুব বেশি রক্তপাত)৷ বেশির ভাগ ক্ষেত্রে দীর্ঘসময় ধরে প্রসব হলে বা তাড়াতাড়ি ঝিল্লিগুলি ছিঁড়ে গেলে সংক্রমণ হয়। প্রসবের সময় পরিচ্ছন্নতা কম থাকলেও (যেমন, যিনি প্রসব করাচ্ছেন, তাঁর হাত বা যন্ত্রপাতি পরিষ্কার না থাকে) বা শল্যচিকিৎসার দ্বারা প্রসব করালেও (সিজারিয়ান সেকশন) সংক্রমণ হতে পারে। সাংঘাতিক সংক্রমণের লক্ষণগুলি হল, জ্বর, মাথাব্যথা, তলপেটে ব্যথা, দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ এবং বমি বা পাতলা পায়খানা হওয়া। এগুলি অত্যন্ত বিপজ্জনক লক্ষণ এবং এগুলি দেখা দিলে মহিলাটিকে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে৷ প্রসবের দশ দিন বা তার পরেও রক্তক্ষরণ শুরু হতে পারে। প্রসবের পর যদি ফুল সবটা বেরিয়ে না আসে, তবে রক্তপাত হতেই থাকে এবং ক্রমশ বেড়ে যায়। প্রসবের পরে রক্তাল্পতা ও ফিশচুলাও হতে পারে। ফিশচুলা হল গর্ত, যা যোনিপথ এবং প্রস্রাব-নালীর মাঝামাঝি বা মলদ্বারে হতে পারে৷