গর্ভবতী মহিলার শরীরে লোহার (আয়রন) অভাব পূরণ করার জন্য ও রক্তাল্পতার বিপদ এড়ানোর জন্য বাড়তি লোহা গ্রহণের উপর জোর দিতে হবে৷ প্রত্যেক গর্ভবতী মহিলাকে গর্ভধারণের প্রথম ৩ মাসের পর থেকে ১৪-১৬ সপ্তাহের মধ্যে অন্তত ১০০ দিনের জন্য প্রতি দিন একটি করে আয়রন-ফলিক অ্যাসিড ট্যাবলেট (প্রাথমিক আয়রন ১০০ মি.গ্রা. ও ০.৫ মি.গ্রা. ফলিক অ্যাসিড) দেওয়া উচিত। আইএফএ-র এই ডোজটি রক্তাল্পতা প্রতিরোধের জন্য দেওয়া হয় (প্রোফাইল্যাকটিক ডোজ)। যদি কোনও মহিলা রক্তাল্পতায় (অ্যানিমিয়া) ভোগেন (হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর নীচে), অথবা তাঁকে ফ্যাকাশে দেখায়, তবে তিন মাসের জন্য তাঁকে রোজ দু’টি করে ট্যাবলেট দিন। তার মানে, গর্ভাবস্থায় যিনি রক্তাল্পতায় ভুগছেন, তাঁর সেই সময়ে ২০০টি আয়রন-ফলিক অ্যাসিড খাওয়া দরকার৷ অত্যধিক রক্তাল্পতা (হিমোগ্লোবিনের মাত্রা ৭-এর নীচে) সারাতে এই ডোজ (থেরাপিউটিক ডোজ)-এর আয়রন-ফলিক অ্যাসিড দেওয়া প্রয়োজন এবং চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। যাঁদের রক্তাল্পতার দরুণ শ্বাসকষ্ট হচ্ছে বা বুক ধড়ফড় করছে. তাঁদের ক্ষেত্রেও আইএফএ-র থেরাপিউটিক ডোজ শুরু করা উচিত ও আরও চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো উচিত।