এইচআইভি-র পূর্ণ অর্থ হল হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস। এইচআইভি ভাইরাস থেকে এইডস হয়। এইচআইভি নিজে একটি অসুখ নয় এবং এই ভাইরাস শরীরে প্রবেশ করা মাত্রই এইডস হয় না। এক জন এইচআইভি আক্রান্ত ব্যক্তির এইডস হওয়ার আগে বহু বছর সুস্থ জীবনযাপন করতে পারেন। এইচআইভি ভাইরাস কেবলমাত্র মানুষের দেহেই পাওয়া যায় অন্য কোনও জীবন্ত প্রাণীর শরীরে নয়। এইচআইভি সংক্রামিত ব্যক্তিকে বলা হয়, ‘এইচআইভি+’ বা ‘এইচআইভি পজিটিভ’। এইচআইভি ক’প্রকার? এইচআইভি দু’প্রকার। এইচআইভি-১ ও এইচআইভি-২। সারা বিশ্বে এইচআইভি-১ ভাইরাসের প্রার্দুভাব সবচেয়ে বেশি এবং এইচআইভি বলতে সাধারণত মানুষ এইচআইভি-১-কেই বোঝেন। এইচআইভি-১ এবং ২ উভয় ভাইরাসের কারণে শরীরে ৩ থেকে ৬ মাসের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়।