শ্রোণির প্রদাহজনিত রোগের লক্ষণ ও উপসর্গ কী কী ? এই রোগের উপসর্গগুলি কখনও বোঝাই যায় না, আবার কখনও খুবই সাংঘাতিক হতে পারে। ক্ল্যামিডিয়া নামক ব্যাকটেরিয়া থেকে যখন এই সংক্রমণ হয়, তখন মহিলাদের উপসর্গ খুব অল্প থাকে, অথবা একেবারেই থাকে না, যদিও ভেতরে ভেতরে তার জনন অঙ্গগুলির সাংঘাতিক ক্ষতি হয়ে যায়। যে সব মহিলা পিআইডি-তে আক্রান্ত হন, তাঁদের ক্ষেত্রে সাধারণ উপসর্গ হল তলপেটে ব্যথা। অন্যান্য লক্ষণ ও উপসর্গের মধ্যে আছে জ্বর, দুর্গন্ধযুক্ত অস্বাভাবিক যোনিস্রাব, বেদনাদায়ক যৌনসংগম, পেচ্ছাব করার সময় ব্যথা ও অনিয়মিত ঋতুস্রাব। পিআইডি কী ভাবে প্রতিরোধ করা যায় ? যে কোনও সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে সুনিশ্চিত উপায় হল যৌনসংসর্গ এড়িয়ে যাওয়া অথবা পারস্পরিক বোঝাপড়ায় যৌনসংসর্গের জন্য একটিমাত্র সঙ্গী বেছে নেওয়া, যার কোনও যৌন সংক্রমণ নেই।